
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরূদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছে। অভিযোগে বলা হয়েছে, সাহাবুদ্দিন ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকাকালে একটি প্রতিষ্ঠানের ঋণসীমা জালিয়াতির মাধ্যমে ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয় এবং পরবর্তীতে ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ এ নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করেছে।
গত ১০ আগস্ট ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী দুদকে এ অভিযোগ জমা দেন। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ অনুসারে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ঋণসীমা অবৈধভাবে বাড়ানো হয়েছিল। প্রতিষ্ঠানটির ঋণসীমা ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরবর্তীতে ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগপত্রে আরো বলা হয়েছে, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে ঋণ বরাদ্দে অবৈধ সুবিধা দিতে ব্যবসায়ী এস আলম ভূমিকা রেখেছেন। সাবেক পরিচালনা পর্ষদের সদস্য সাহাবুদ্দিন, সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ আরও কয়েকজন এ ঋণ অনুমোদনে জড়িত ছিলেন এবং আর্থিকভাবে লাভবান হয়েছেন।
ইসলামী ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, চারটি অডিট ফার্মের মাধ্যমে তদন্ত করে ঋণ অনুমোদন ও বিতরণে বেশ কিছু অনিয়ম ও অসংগতি ধরা পড়েছে। এসব তথ্যের ভিত্তিতে দুদকে অভিযোগ করা হয়েছে।