
ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একটি পর্যটকবাহী স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
বাসটিতে মোট ৩৪ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই আগুন লাগার সময় ঘুমিয়ে ছিলেন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। আতঙ্কিত অনেক যাত্রী জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কারণ নিশ্চিত করা হয়নি। বাসটি নয়ডা থেকে উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল।
ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণকাজ শুরু করে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন।