
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলন চলাকালে একটি দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হন এবং এক কর্মকর্তা গুরুতরভাবে আহত হন।
ঘটনার পর আহত কর্মকর্তাকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। গুরুতর অবস্থায় থাকায় তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে। এই দুর্ঘটনায় নিহত সেনাসদস্যদের নাম এবং অন্যান্য বিবরণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। স্থানীয় উৎস থেকে জানা গেছে, প্রশিক্ষণকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে।