
ফরিদপুর জেলা পরিষদের দুটি ভবনের ছাদে স্থাপিত ৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। নেট মিটারিং পদ্ধতির আওতায় এ পরিচ্ছন্ন বিদ্যুৎ যুক্ত করা হচ্ছে। জেলা পরিষদ ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো-১) মধ্যে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় জেলা পরিষদ ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সরকারি ভবনগুলোর ছাদকে সৌরবিদ্যুতের উৎস হিসেবে ব্যবহার করা সম্ভব হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে পরিষ্কার এবং পরিবেশসম্মত বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুতের ভার কমাতে সহায়তা করা হবে। স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা জানান, এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ খাতে সরকারের নির্ভরতা কমানো এবং পরিবেশ সংরক্ষণে উল্লেখযোগ্য ভূমিকা রাখা সম্ভব।