
জুলাই গণ-অভ্যুত্থানের পর কোনো ছাত্রসংগঠন যদি পতিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের মতো আচরণ করতে চায় কিংবা ‘ছাত্রলীগ হতে চায়’, তবে তাদেরও একইভাবে রাজপথে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বৃহস্পতিবার তিতুমীর কলেজ শাখার উদ্যোগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তিতুমীর কলেজ ক্যাম্পাসের অনার্স প্রথম বর্ষের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় নেতারা।
জাহিদুল ইসলাম তার বক্তৃতায় বলেন, “ছাত্রলীগ নামের সংগঠনটি যেভাবে ছাত্রসমাজকে নিয়ন্ত্রণ করতে চায়, সেভাবে কোনো সংগঠন যদি আচরণ করতে চায়, তাহলে আমরা সেটি মেনে নেব না। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের সময় যেভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম, ঠিক সেভাবেই কোনো সংগঠন যদি ছাত্রলীগের মতো আচরণ করে, তাহলে তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়াব।”