
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় সংঘটিত সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে। এ মামলায় ৮ হাজার ২৬ জনকে আসামি করা হয়েছে। প্রাথমিক হিসাবে প্রায় ২১ কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।
মামলার তালিকায় ২৬ জনের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া বাকি ৮ হাজার আসামিকে অজ্ঞাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক বাবুল শেখের নামও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা থানা চত্বরে ব্যাপক ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় থানার গুরুত্বপূর্ণ দলিলপত্র ও সরঞ্জামাদি পুড়ে যায়।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, তদন্তের মাধ্যমে সকল অভিযুক্তকে চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে বলে জানানো হয়েছে।