
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে কুয়েত ও বাহরাইনের অন্তত আটটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা অভিযান চালানো হয়েছে।
প্রেস টিভির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে আইআরজিসির নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে তারা।
আইআরজিসির বিবৃতি অনুযায়ী, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ আটটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা।
বিবৃতিতে বলা হয়, এর আগে যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি উপকূলীয় চৌকিতে হামলা চালানোর পরই এই পাল্টা অভিযান পরিচালিত হয়। আইআরজিসির অভিযোগ, যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ ও চুক্তি লঙ্ঘন করছে।
এছাড়া আইআরজিসি জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সামুদ্রিক নৌযান তদারকির দায়িত্ব ইরানের ওপর রয়েছে। ভবিষ্যতে নিয়ম লঙ্ঘনকারী যেকোনো নৌযানের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।