
জাতীয় ডেস্ক | ফ্যালকন নিউজ ২৪ ৪ এপ্রিল ২০২৬
বিএনপি সরকারের বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে ১১ দলীয় জোটের সাথে রাজপথে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৪ এপ্রিল) দুপুরে ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে: নাহিদ ইসলাম অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপিকে ক্ষমতায় এনেছে। তিনি বলেন, “এখন উপদেষ্টারা নিজ নিজ কাজে চলে যাবেন, তা হতে পারে না। যে অধ্যাদেশগুলো তারা করেছিলেন, সেগুলো এখন বাতিল হচ্ছে। ড. ইউনুসকে এসব নিয়ে কথা বলতে হবে এবং আমাদের সাথে রাজপথে নামতে হবে।”
বিএনপির মুখোশ উম্মোচন: নাহিদ ইসলাম আরও বলেন, ক্ষমতায় আসার পর বিএনপির আসল চেহারা বেরিয়ে আসছে। গুম প্রতিরোধ ও মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাতিল করছে। তার মতে, “বিএনপি অর্থনৈতিক মন্দার ভয়াবহতা বুঝতে পারছে না। ৫ আগস্ট থেকেই যা শুরু হয়েছে, তা অপ্রত্যাশিত ছিল না। তারা গণভোট বা জুলাই সনদ কোনো কিছুরই তোয়াক্কা করছে না।”
আস্থার সংকট: বিরোধী দলীয় এই নেতা দাবি করেন, গত ১৬ বছর মানুষ বিএনপির ওপর আস্থা পায়নি বলেই তাদের আন্দোলনে সাড়া দেয়নি। এখন ক্ষমতায় এসে তারা পুরোনো ধারায় ফিরে যাচ্ছে, যা তাদের জন্য কলঙ্কজনক হয়ে থাকবে।