
মরণঘাতী ক্যানসারে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিলুপ্ত ঘোষিত আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় তিনি নিজের শারীরিক অবস্থার কথা জানান। তবে ভিডিওটি কোন সময় ধারণ করা হয়েছে তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটিতে শামীম ওসমান বলেন, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।”
তিনি জানান, বর্তমানে তার ক্যানসার চতুর্থ স্টেজে পৌঁছেছে। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় ক্যানসারের চতুর্থ স্টেজ মানে রোগটি দেহে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং শেষ পর্যায়ে রয়েছে। এই অবস্থায় রোগীর বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত কম বলে চিকিৎসকরা মনে করেন।
শামীম ওসমানের এ ঘোষণার পর থেকে তার স্বাস্থ্য নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই তার সুস্থতা কামনা করছেন সোশ্যাল মিডিয়ায়। তবে তার রাজনৈতিক অবস্থান ও অতীত কর্মকাণ্ড নিয়ে এখনও রয়েছে নানা বিতর্ক।