
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় দায়ের করা মামলাগুলো দ্রুত পুনরুজ্জীবিত করে বিচার ত্বরান্বিত করার দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার এসব মামলা গায়েব করে দিয়েছিল।
বুধবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরীর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে “২৮ অক্টোবর ২০০৬: আওয়ামী নৃশংসতা ও ফ্যাসিবাদের উত্থান” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ দাবি তোলেন।
নূরুল ইসলাম তার বক্তব্যে ২০০৬ সালের ঐ তারিখে ঘটে যাওয়া ঘটনাগুলোকে নৃশংসতা হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার গণতান্ত্রিক অধিকার হরণ ও বিরোধীদলীয় কর্মীদের ওপর হামলার ঘটনাগুলোকে আইনের আড়ালে ঢেকে দিয়েছে।
ছাত্রশিবির সভাপতি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলেও এসব মামলার নিষ্পত্তি হচ্ছেনা। তিনি সরকারের প্রতি অবিলম্বে এসব মামলা পুনরুজ্জীবিত করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।