
রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শুধু ফুটপাত দখলমুক্ত করা নয়, সংস্কারকাজের মাধ্যমে এ স্থানে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের জন্য বিশ্রামের বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করা হয়েছে। এছাড়াও সৌন্দর্যবর্ধনের জন্য এই ফুটপাতে শিল্পাচার্য জয়নুল আবেদীন, সত্যজিৎ রায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিত্বদের কাজ স্থান পেয়েছে। ডিএসসিসির এই উদ্যোগের ফলে পথচারীদের চলাচল আরও সুবিধাজনক হয়েছে এবং এলাকার পরিবেশগত উন্নয়ন সাধিত হয়েছে।