
ইরান হরমুজ প্রণালীতে ছয়টি বাণিজ্যিক জাহাজ আটকের দাবি করেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, সোমবার ভোরে জাহাজগুলো নেভিগেশন ও অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে একটি ‘অবৈধ পথ’ দিয়ে প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল।
ইরানি কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, ছয়টি জাহাজের মধ্যে একটি দুর্ঘটনার শিকার হয়েছে। বাকি জাহাজগুলো ইরানের ‘দৃঢ় ব্যবস্থাপনার’ কারণে উপসাগরীয় এলাকায় ফিরে যায়। ইরানি মিডিয়ার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উসকানিতে জাহাজগুলো এই পথে চলাচলের চেষ্টা করেছিল।
হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত। এই পথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন করা হয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে এই নৌপথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন।
এ ঘটনায় জড়িত জাহাজগুলোর জাতীয়তা বা মালিকানা সম্পর্কে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।