
রংপুরের পীরগঞ্জে এক কিশোরকে গাছে বেঁধে নিষ্ঠুর নির্যাতনের ঘটনায় স্থানীয় জামায়াতে ইসলামির নেতা অভিযুক্ত হয়েছেন। অভিযোগ রয়েছে, জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে এ নির্যাতন চালানো হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের সুজারকুঠি নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে ভাইরাল হলে পুরো উপজেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ভিডিওতে দেখা যায়, কিশোরকে গাছে বেঁধে কয়েকজন ব্যক্তি লাঠিপেটা করছেন। অভিযুক্ত জামায়াত নেতা ঘটনাটিকে ‘একটু শাসন করা হয়েছে’ বলে মন্তব্য করেছেন। তবে স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।