
কলকাতার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত শিখা ইন হোটেলে রাত দুইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। কলকাতা পুলিশের বরাতে জানা যায়, হোটেল প্রাঙ্গণ থেকে ৬০ জনকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে ৯ জন অচেতন অবস্থায় ছিলেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, হোটেলের চতুর্থ তলায় এয়ার কন্ডিশনিং বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। রাতের আধারে ঘন ধোঁয়ার কারণে দমকল কর্মীরা প্রথমদিকে ভেতরে প্রবেশ করতে বাধার সম্মুখীন হন।
এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) ফায়ার সার্ভিস বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, মৃতদের সবাই বাংলাদেশি নাগরিক যারা চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন। পুলিশ সূত্রে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
উল্লেখ্য, এই ঘটনার মাত্র দুদিন আগে পশ্চিমবঙ্গের বীরভূমে এক হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছিল। এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে কলকাতার বড়বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ১৪ জন প্রাণ হারান।