
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, শুধু স্লোগান দিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য সমাজে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের ইনসাফ, সাম্য ও সৌন্দর্য প্রতিষ্ঠিত হলেই মানুষ এর সুফল ভোগ করতে পারবে।
রোববার বিকালে মালয়েশিয়ার কেলাংয়ে লেমবাগা গেটওয়ে আসলি হলরুমে বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়া শাখার উদ্যোগে আয়োজিত সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক আরও বলেন, “ইসলামকে বিজয়ী করাই আমাদের মূল লক্ষ্য। সমাজে ইসলামের বাস্তবায়ন ছাড়া প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।” তিনি ইসলামী সমাজব্যবস্থার মাধ্যমে বৈষম্যহীন ও সুখী সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
এই সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দসহ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।