
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে। আজ সোমবার জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, “দেশের আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি। সরকারের ১৮০ দিনে আইনশৃঙ্খলা উন্নতির বিষয়ে জনগণ বলবে। তবে জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে।” তিনি এ সময় ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা নেওয়ার কথাও জানান।
জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “জ্বালানি সংকট যেন না হয়, সেজন্য সারা পৃথিবী থেকে ব্যাপক বিনিয়োগ আহ্বান করা হচ্ছে। অভ্যন্তরীণ বিনিয়োগও হবে।” তিনি জানান, মাতারবাড়িতে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া মহেশখালীতে আরেকটি এফএসআরইউ স্থাপনের জায়গা নির্ধারণ করতে জরিপ চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “জিটুজি ভিত্তিতে দুটি এফএসআরইউ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে সামিট ও এক্সিলারেট এনার্জির এফএসআরইউ রয়েছে। এগুলোতে যান্ত্রিক ত্রুটি বা সমস্যা দেখা দিলে সরবরাহ বিঘ্নিত হয়। এমন সমস্যায় সরকার পড়েছে।”
বিগত সরকারের সময় গ্যাসের ক্ষেত্রে আমদানি নির্ভরতা তৈরি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, “এ থেকে বেরিয়ে আসতে দেশের অভ্যন্তরে অনুসন্ধান শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে দেশীয় সম্পদ দিয়েই গ্যাসের সমস্যা সমাধান করা সম্ভব হবে।” খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া পরিকল্পনাও প্রায় বাস্তবায়ন করা হয়েছে বলে জানান তিনি।
জাতিসংঘের প্রতিবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এখনও প্রতিবেদনটি পড়েননি। “সেখানে হয়তো কিছু পর্যবেক্ষণ থাকতে পারে। প্রতিবেদন না দেখে এ বিষয়ে মন্তব্য করতে পারবেন না,” বলেন তিনি।