
মার্কিন প্রেসিডেন্ট Donald Trump দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র Kharg Island–এ বড় ধরনের হামলা চালিয়েছে।
শনিবার (১৪ মার্চ) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বোমা হামলার একটি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে ইরানের ‘ক্রাউন জুয়েল’ হিসেবে পরিচিত খার্গ দ্বীপে থাকা সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলে তিনি দাবি করেন।
ট্রাম্প আরও বলেন, দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করার সিদ্ধান্ত তিনি এখনো নেননি। তবে যদি Strait of Hormuz দিয়ে জাহাজ চলাচলে কোনো ধরনের বাধা সৃষ্টি হয়, তাহলে ইরানের তেল স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও Israel এতদিন খার্গ দ্বীপকে কেন্দ্র করে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থানে ছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে এই দ্বীপটি ঘিরে নতুন করে কৌশলগত আলোচনা শুরু হয়েছে।
ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপ দেশটির অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ পরিচালনা করে বলে জানিয়েছে JPMorgan।
বিশেষজ্ঞদের মতে, এই দ্বীপে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা দ্রুত আঞ্চলিক ও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
খার্গ দ্বীপে তেল অবকাঠামোর বড় উন্নয়ন হয় ১৯৬০ ও ১৯৭০-এর দশকে, যখন ইরানের উপকূলের বড় অংশ সুপারট্যাঙ্কারের জন্য যথেষ্ট গভীর ছিল না।
সূত্র: TRT World