
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার পর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে ফেরার বিষয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি শর্ত দিয়েছেন, বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তবে তার সঙ্গে তার বহিষ্কৃত নেতাকর্মীদেরও ফিরিয়ে নিতে হবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, “বিএনপি থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সহজ ছিল না। আমার চেয়েও বেশি কঠিন সময় পার করেছেন আমার কর্মীরা। গত ১৭ বছর ধরে তারা ত্যাগ করেছেন, অনেকে বহিষ্কারের মুখে পড়েছেন। আমি না জিতলে হয়তো ঢাকায় ফিরে যেতাম, কিন্তু আমার কর্মীরা কোথায় যেত?”
তিনি আরও বলেন, “এখন বিএনপি যদি আমাকে ফেরাতে চায়, তবে আমার নেতাকর্মীদেরও দলে নিতে হবে।”
জয়ের পর অনুভূতি জানাতে গিয়ে তিনি তার নির্বাচনী প্রতীক ‘হাঁস’ বেছে নেওয়ার পেছনের আবেগঘন গল্পও তুলে ধরেন। তিনি জানান, ছোটবেলা থেকেই তার হাঁস-মুরগি পালনের শখ ছিল, এবং সেই আবেগ থেকেই তিনি এই প্রতীক বেছে নেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এর আগে তিনি একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ও দলের আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ছিলেন।