
দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই, দেশের বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নতুন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, “সিন্ডিকেট নিয়ে ‘সাউন্ড বাইট’ (গণমাধ্যমে মুখরোচক বক্তব্য) দেব না, কাজ করে দেখাব।”
আজ (বুধবার) সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিবেশ তৈরি করা, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণের সময়সীমা বিলম্বিত করার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। একই সুরে কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমও।
এদিকে, আজই সচিবালয়ে প্রথম অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এবং পরবর্তীতে সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে।