
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে সৌদি আরব সফরের মাধ্যমে শ্রমবাজার উম্মুক্ত করেন।” রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরের বারজায়া টাইম স্কয়ারের হলরুমে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবদুল মোনায়েম মুন্না আরও বলেন, “১৯৭৭ সালে শহীদ জিয়ার ঐতিহাসিক সৌদি আরব সফর বাংলাদেশের জন্য নতুন দিগন্ত খুলে দেয়। সৌদি আরব ও পার্সিয়ান উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের শ্রমবাজার উম্মুক্ত হয়। এই সফরের ফলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের লক্ষাধিক মানুষ বিদেশে কাজের সুযোগ পায় এবং দেশে ব্যাপক বৈদেশিক মুদ্রা আয় হতে থাকে।” তিনি শহীদ জিয়ার এই অবদানের কথাও স্মরণ করেন এবং বলেন, “তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন।”