
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক শক্তি প্রয়োগ করে ইরানকে পরাস্ত করতে ব্যর্থ হওয়ার পর এখন দেশটির অভ্যন্তরীণ বিভেদ উসকে দেওয়া ও তা আরও বাড়ানোর কৌশল নিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। পেজেশকিয়ান বড় শহর ও প্রাদেশিক রাজধানীগুলোর মেয়রদের সঙ্গে এক বৈঠকে এ অভিযোগ তোলেন। তিনি বলেন, এই দুই দেশ ইরানের অভ্যন্তরীণ সঙ্কটকে বাড়িয়ে তুলতে সক্রিয়ভাবে কাজ করছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই বক্তব্য ইরানে চলমান রাজনৈতিক ও সামাজিক সঙ্কটের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানে অর্থনৈতিক সঙ্কট ও রাজনৈতিক অস্থিরতা বেড়েছে, যা দেশটির নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়ে ইরানের নেতৃত্বের সমালোচনা অহরহ শোনা যায়।