
অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৃহস্পতিবার (২০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন। দুপুর ১টা ২৫ মিনিটে বিদায়কালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বঙ্গভবনের পাঠানো ভিডিও ফুটেজে দেখা যায়, অস্থায়ী রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবন ত্যাগ করছে।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। বিদায়ের আগে সশস্ত্র বাহিনীর একটি দল হাফিজ উদ্দিন আহমদকে গার্ড অব অনার প্রদান করে। তিনি সালাম গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। বঙ্গভবন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বিদায় জানান।
বিদায় নেওয়ার সময় হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন। এরপর কঠোর প্রটোকলের মধ্য দিয়ে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। গত ২৪ জুলাই সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। সরকারি দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দল ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের নিজ দলের মনোনীত প্রার্থীর বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায়, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।