
মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা দেখছেন এবং খুব শিগগিরই একটি বিনিয়োগকারী দল দেশটিতে সফর করবেন। শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এ তথ্য প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকটিকে অত্যন্ত ‘ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করে সার্জিও গোর বলেন, মার্কিন বিনিয়োগকারীরা আগামী সপ্তাহেই বাংলাদেশ সফরে আসবেন। এই সফরে তাঁরা বিভিন্ন খাতের সম্ভাবনা যাচাই করবেন এবং কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। সার্জিও গোর বলেন, দুই দেশের সামনে বিশাল সুযোগ রয়েছে এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে ইতিবাচক ফলাফল অর্জন করা সম্ভব।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে সার্জিও গোর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নায়া আশাবাদ ব্যক্ত করেন। তিনি লেখেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে সার্জিও গোর গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান। সফরের দ্বিতীয় দিন শুক্রবার (৩১ জুলাই) তিনি কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবিব পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গাদের জীবনমান, মানবিক সাহায্যের বর্তমান অবস্থা এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিশেষ দূতের সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও চলমান দ্বিপাক্ষিক সংলাপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। শনিবার এই সফর শেষ করে তিনি ঢাকা ত্যাগ করেন।