
ইরাকে যৌথ হামলার পর পরিস্থিতি পর্যালোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জরুরি বৈঠক করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। মিডিলিস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্রমতে, সৌদি প্রতিরক্ষামন্ত্রী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে পূর্বনির্ধারিত সাক্ষাতের পর তার সফরসূচিতে ট্রাম্পের সঙ্গে এই জরুরি বৈঠক যুক্ত করা হয়। বৈঠকে প্রিন্স খালিদ জানান, সৌদি আরব ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর পক্ষে অবস্থান নিচ্ছে। তবে উল্লেখ্য যে, এই সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথভাবে ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়া গ্রুপগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে ইরান ইস্যু ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মার্কিন নেতৃত্বের সঙ্গে সমন্বয় করাই ছিল প্রিন্স খালিদের এই সফরের মূল উদ্দেশ্য। গত মঙ্গলবার সৌদি বাহিনী ও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের ঘাঁটিতে সমন্বিত হামলা চালায়। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নির্দেশনায় পরিচালিত ৩০টিরও বেশি ড্রোন হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালিত হয় বলে জানায় সেন্টকম।