
ঢাকার মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল তিনটি শর্ত সাপেক্ষে তাদের লাইসেন্স ফিরে পেয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে শিশু মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ উঠেছিল। আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স ও মানবসম্পদ) তারিকুল ইসলাম মুকুল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা সোমবার থেকেই কার্যক্রম শুরু করতে পারবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। আদেশে তিনটি শর্ত উল্লেখ করা হয়েছে। প্রথম শর্তে বলা হয়েছে, হাসপাতাল পরিচালনায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ এর নির্দেশনা মানতে হবে। দ্বিতীয় শর্তে লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করার কথা বলা হয়েছে। তৃতীয় শর্তে সতর্ক করা হয়েছে যে লাইসেন্সের শর্তাবলী প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা নেবে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা আদেশে আরও বলা হয়েছে, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দাখিলকৃত আপিল ও আপিলের অধিকতর বিবরণীর বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ই জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল। তদন্ত কমিটির দাখিলকৃত প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় শর্তসাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।