
১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। যাত্রাকালে বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা। চরমোনাই পীরের এই সফরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ইসলাম প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরে দেশ-বিদেশের মুসলিম নেতাদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থাও থাকবে।