
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকোলৎসেভ। বুধবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাসদরে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরো শক্তিশালী করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে চার দিনের সরকারি সফরে পাকিস্তানে অবস্থান করছেন। এই সফরের অংশ হিসেবে তিনি রাওয়ালপিন্ডিতে সেনাসদরে ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, দুই দেশের মধ্যে বিদ্যমান নিরাপত্তা সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। পাকিস্তান ও রাশিয়া ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তা সম্পর্কিত সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সূত্র: ডন