
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সেনাবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে তিনি ঠিক কী অর্থে এই মন্তব্য করেছেন বা এর পক্ষে কোনো নির্দিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি।
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প বলেন, "মার্কিন সেনাবাহিনীর অবস্থা এখনকার মতো সুসংহত আর কখনো ছিল না।" এ সময় তিনি বিভিন্ন যুদ্ধে নিহত মার্কিন সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
ভাষণে ট্রাম্প তার প্রশাসনের সময়কার যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা, সামরিক শক্তি এবং বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি রাজনৈতিক প্রতিপক্ষ ও কমিউনিজমেরও সমালোচনা করেন।
অনুষ্ঠানে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উপস্থিত হওয়ায় সমর্থকদের ধন্যবাদ জানান ট্রাম্প। এ সময় আতশবাজির প্রদর্শনী এবং মার্কিন যুদ্ধবিমানের বিশেষ ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়।
এদিকে একই দিনে স্থানীয় সময় সকালে তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।