দলীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলীয় কার্যালয় খুলেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে, জাতীয় সংগীত গেয়ে তারা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ২০-২৫ জন নেতাকর্মীকে দলের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, "দীর্ঘ ১৭-১৮ মাস ধরে আমরা রাজনৈতিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ আমরা একত্রিত হয়ে দলীয় কার্যালয়ে যাই এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করি।"
তিনি আরও বলেন, "এই পতাকা উত্তোলন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক।"
গোলাম রব্বানী জানান, তারা সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী কর্মসূচির মাধ্যমে আবারও দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবেন।