
আন্তর্জাতিক ডেস্ক | Falcon News 24.com
চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠকে বসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সম্পর্ককে “অভূতপূর্ব উচ্চতায়” পৌঁছেছে বলে মন্তব্য করেন পুতিন। একইসঙ্গে বৈশ্বিক রাজনীতি, জ্বালানি সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়েও আলোচনা হয়।
চীনের গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত আনুষ্ঠানিক বৈঠকে দুই নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। রুশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে রাশিয়া-চীনের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে একাধিক চুক্তি ও যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।
বৈঠকে শি জিনপিং বলেন, বিশ্ব এখন “একতরফা আধিপত্যের” ঝুঁকির মুখে রয়েছে এবং শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীন-রাশিয়াকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে “সংকটজনক মোড়” বলে উল্লেখ করেন এবং দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানান।
অন্যদিকে পুতিন বলেন, রাশিয়া চীনের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী হিসেবে কাজ চালিয়ে যাবে। বিশেষ করে মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি অনিশ্চয়তা তৈরি হওয়ায় নতুন গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে চীনের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা বর্তমানে রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় বেইজিং ও মস্কো নিজেদের ঘনিষ্ঠ সম্পর্ক আরও দৃঢ় করার কৌশল নিচ্ছে।
বৈঠক শেষে দুই নেতা যৌথ বিবৃতি দেবেন এবং পরে দ্বিপক্ষীয় শিক্ষা উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সূত্র: BBC