নতুন সরকারের যাত্রা শুরুতেই, কয়েকজন নতুন মন্ত্রীর ‘অপ্রয়োজনীয়’ ও ‘এখতিয়ার-বহির্ভূত’ মন্তব্য নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা। তিনি সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করে বলেছেন, সরকারের ভাবমূর্তি রক্ষায় যেন কয়েকজন মন্ত্রীর মুখে ‘টেপ লাগিয়ে’ দেওয়া হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
সোহেল রানা তার পোস্টে লেখেন, দেশের মানুষ নতুন সরকারকে আশা ও আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। কিন্তু কিছু মন্ত্রীর অপ্রয়োজনীয় মন্তব্যে সরকারের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করে কিছু মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে দিতে বলুন। কোনো বিশেষ সংবাদ ছাড়া তাদের টেলিভিশন বা প্রিন্ট মিডিয়ার সামনে আসার কোনো প্রয়োজন নেই।"
সদ্য দায়িত্ব পাওয়া কয়েকজন মন্ত্রী নিজেদেরকে সরকারের অংশ না ভেবে, এখনও রাজনৈতিক দলের নেতা হিসেবে আচরণ করছেন উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, "এখন থেকে লাগাম টেনে না ধরলে লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলবে।"