সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন দলটির চেয়ারপারসন তারেক রহমান। এর মধ্য দিয়ে, তিনিই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী।
আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার পর, জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির নব-নির্বাচিত সংসদ সদস্যদের প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।
এর আগে, সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদের শপথ কক্ষে নব-নির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।
সংস্কার পরিষদের শপথে ‘না’
তবে, সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির কোনো এমপি। শপথের আগে, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলীয় সিদ্ধান্ত জানিয়ে বলেন, "আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি।" তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী, বিষয়টি আগে সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত হতে হবে, এরপরই শপথের প্রশ্ন আসবে।
এখন নিয়ম অনুযায়ী, সংসদ নেতা হিসেবে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন এবং তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হবে।