
যশোর ব্যুরো | ফ্যালকন নিউজ ২৪ ৩০ মার্চ ২০২৬
জ্বালানি তেল না পাওয়ার ক্ষোভ থেকে পেট্রোল পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার লোমহর্ষক ঘটনা ঘটেছে যশোরে। দীর্ঘ আট ঘণ্টা অপেক্ষা করেও ডিজেল না পেয়ে ঘাতক ট্রাকচালক সুজাত আলী এই নৃশংস সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে র্যাব। রোববার (২৯ মার্চ) বিকেলে বাঘারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঘটনার বিবরণ: র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি সংবাদ সম্মেলনে জানান, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে নড়াইল সদর উপজেলার ‘তানভীর ফিলিং স্টেশনে’ ডিজেল নিতে যান ট্রাকচালক সুজাত আলী। সন্ধ্যা ৬টা থেকে অপেক্ষা করার পরও পাম্প ম্যানেজার নাহিদ সরদার পর্যাপ্ত তেল না থাকায় অপরাগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সুজাত ম্যানেজারের সাথে তর্কে লিপ্ত হন এবং দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।
পরিকল্পিত হত্যাকাণ্ড: তদন্ত কর্মকর্তারা জানান, ডিউটি শেষে রাত ২টার দিকে ম্যানেজার নাহিদ সরদার ও সহকর্মী জিহাদ মোল্লা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তুলারামপুর রেল ব্রিজ এলাকায় পৌঁছালে ঘাতক ট্রাকটি পেছন থেকে তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নাহিদ সরদার নিহত হন এবং জিহাদ মোল্লা গুরুতর আহত হন।
গ্রেপ্তার ও ট্রাক জব্দ: ঘটনার পর থেকেই পলাতক সুজাত আলীকে গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়ার কিসমত মাহমুদপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে র্যাব। অন্যদিকে, বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল থেকে পরিত্যক্ত অবস্থায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে নাভারণ হাইওয়ে পুলিশ, নড়াইল ও যশোর ডিবি পুলিশ এবং বেনাপোল পোর্ট থানা পুলিশের যৌথ দল। গ্রেপ্তার সুজাত নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।