ভোটের মাত্র কয়েকদিন আগে নির্বাচন কমিশনের (ইসি) একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে এবার নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের মতো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ (সোমবার) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে নিজ দলের এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই আল্টিমেটাম দেন।
সম্প্রতি নির্বাচন কমিশন এক নির্দেশনায় জানায়, ভোটের দিন কেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটার এমনকি সাংবাদিকরাও মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। এই সিদ্ধান্ত প্রকাশের পর থেকেই রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল।
জনসভায় নাহিদ ইসলাম বলেন, "নির্বাচন কমিশন কোথা থেকে এই নিয়ম বের করছে, আমরা জানি না। কার পরিকল্পনায় ইসি কাজ করছে, তা এখন জনগণের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে।"
তিনি নির্বাচন কমিশনকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজ সন্ধ্যার মধ্যেই এই নিয়ম পরিবর্তন করুন। না হলে আগামীকাল (মঙ্গলবার) নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।"
নাহিদ ইসলাম আরও যোগ করেন, "ভোটের দ্বারপ্রান্তে এসে মিডিয়াকে অন্ধকারে রেখে বা মানুষের তথ্য জানার অধিকার কেড়ে নিয়ে ভোট কারচুপির কোনো আইন করা হলে, সেই আইন আমরা মেনে নেব না।"