ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে অল্প ব্যবধানে পরাজিত হলেও, জাতীয় সংসদের সদস্য হওয়ার একটি বড় সুযোগ পেতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গণভোটে ‘জুলাই সনদ’ বিজয়ী হওয়ায়, আনুপাতিক ভোটের ভিত্তিতে গঠিতব্য সংসদের উচ্চকক্ষ বা সিনেটে তার দলের সদস্য হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
জুলাই সনদ অনুযায়ী, ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ (সিনেট) গঠিত হবে, যেখানে দলগুলো তাদের প্রাপ্ত ভোটের হারের ভিত্তিতে সদস্য মনোনয়ন দেবে। এনসিপি এবারের নির্বাচনে সারাদেশে প্রায় ২৩ লাখ ভোট পেয়েছে, যা মোট ভোটের ৩.২১ শতাংশ। এই হিসেবে, দলটি উচ্চকক্ষে অন্তত তিনটি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এনসিপির দলীয় একাধিক সূত্র জানিয়েছে, উচ্চকক্ষের সদস্য হিসেবে যে তিনজনের কথা ভাবা হচ্ছে, তাদের তালিকায় সবার ওপরে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তবে কি তিনি মেয়র নির্বাচন করবেন?
রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে একটি নতুন আলোচনাও শুরু হয়েছে। তারা ধারণা করছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী যদি আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন, তাহলে হয়তো তিনি সিনেট সদস্যের পদ গ্রহণ না-ও করতে পারেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে, ঢাকা-৮ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের কাছে মাত্র পাঁচ হাজারের কিছু বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। তার এই লড়াকু ফলাফল তাকে আলোচনায় রেখেছে।