জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তাজার বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলাকে ‘বিশ্বাসযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি মনে করেন, এই দুই ক্রিকেটারকে রাজনীতিবিদ হিসেবে না দেখে, দেশের ‘অ্যাসেট’ বা সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
ইশরাক হোসেন বলেন, "তারা ক্রিকেটার এবং শুধু যেন-তেন ক্রিকেটার না, তারা আমাদের দেশের অ্যাসেট। আমার কাছে মনে হয়নি, তারা গিয়ে কোনো অর্ডার ক্যারি আউট করেছে বা নিজের হাতে বন্দুক নিয়ে গুলি করে হত্যা করেছে।"
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর দায়ের হওয়া একাধিক মামলার কারণে সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন এবং মাশরাফি বিন মুর্তাজাকেও জনসম্মুখে দেখা যাচ্ছে না।
বিসিবি নিয়েও প্রশ্ন তোলেন ইশরাক
একই সাক্ষাৎকারে, ইশরাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রক্রিয়া নিয়েও তীব্র সমালোচনা করেন। তিনি কাউন্সিলর নিয়োগ প্রক্রিয়াকে ‘মহাদুর্নীতি, বাণিজ্য ও পক্ষপাতিত্বমূলক’ বলে অভিহিত করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "নিজেদের সিন্ডিকেট বোর্ডে বসানোর চেষ্টা হলে আমরা তো বসে থাকতে পারি না।"
তবে, তিনি নিজে বোর্ড রাজনীতিতে আসার কোনো আগ্রহ নেই বলে পরিষ্কার জানিয়ে দেন। ইশরাক বলেন, "আমি ফুলটাইম রাজনীতি করব। আমি চাই, যারা ফুলটাইম ক্রীড়া সংগঠক, তারা বোর্ডে আসুক। আমরা তাদের সহায়তা করব।"