ফ্যালকন নিউজ২৪.কম ডেস্ক:
রাজধানীর ঢাকা এবং নরসিংদীতে সাম্প্রতিক কয়েকটি শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঘটনাগুলোকে 'জাতির জন্য স্তম্ভিতকারী' উল্লেখ করে তিনি এর পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং প্রশাসনিক শৈথিল্যের অভিযোগ তুলেছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সামাজিক মাধ্যম পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, "ঢাকায় ৬ বছর বয়সী শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারিবাগে স্কুল ছাত্রীকে হত্যার ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে।"
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, "এসব ঘটনায় আমরা নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ক্ষেত্র বিশেষে প্রশাসনের চরম শৈথিল্য লক্ষ্য করছি। অপরাধীর বিচার নিশ্চিত করার বদলে ধর্ষকের রক্ষক হয়ে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়া করার দুঃসাহস ক্ষমতায় মত্ত একটি দলের নেতারা কিভাবে দেখাতে পারে?"
পোস্টে তিনি শিশু তাহিয়া হত্যার ঘটনাকে 'দুর্ঘটনা' বলে চালিয়ে দেওয়ার চেষ্টার পেছনের ইশারাদাতাদের শনাক্ত করার দাবি জানান।
ইনসাফের প্রশ্নে কোনো আপস করা হবে না উল্লেখ করে জামায়াত আমির অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। একইসাথে, তিনি রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনের দাবি করেছেন।
সবশেষে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।