
নিজস্ব প্রতিবেদক | Falconnews24.com
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে পৃথক পাঁচটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, আইভীকে যে পাঁচটি মামলায় জামিন দেওয়া হয়েছে তার মধ্যে চারটি হলো হত্যা মামলা। ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর মডেল থানায় দায়ের করা অপর একটি মামলাতেও তিনি জামিন পেয়েছেন।আদালতে আইভীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। এর আগে গত বছরের ৯ মে ভোর রাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে ধারাবাহিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। মাঝে আপিল বিভাগে জামিন স্থগিত হয়ে যাওয়ার পর গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। আজকের এই আদেশের ফলে তার কারামুক্তির পথে বড় বাধা দূর হলো বলে মনে করছেন তার আইনজীবীরা।
টানা তিনবারের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আত্মগোপনে ছিলেন। পরে নিজ বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তার অনুসারীরা এই মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছিলেন।