
দেশের তৈরি পোশাক শিল্পের চলমান পরিস্থিতিকে ‘খুবই উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মালিক ও শ্রমিক উভয় পক্ষের স্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস গার্মেন্টস শিল্পকে বাঁচাতে সরকারকে এখনই কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধানের পথ বেছে নিতে হবে। তিনি আরও বলেন, গার্মেন্টস শিল্পের সংকট কেবল অর্থনৈতিক নয়, সামাজিকভাবেও এর প্রভাব পড়ছে।
জামায়াত আমির আরও উল্লেখ করেন, শিল্প মালিক ও শ্রমিক উভয়ের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের অধিকার নিশ্চিত করা গার্মেন্টস শিল্পের টিকে থাকার জন্য অপরিহার্য। তিনি সরকারের কাছে দ্রুত এসব বিষয়ে নীতি নির্ধারণের জন্য জোর দাবি জানান।
তিনি বলেন, সরকার যদি এখনই সঠিক পদক্ষেপ না নেয়, তাহলে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি গার্মেন্টস শিল্প মারাত্মক সংকটে পড়তে পারে। এজন্য তিনি সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।