
ভারতের রাজধানী দিল্লিতে নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় প্রায় ২০ হাজার আধাসামরিক বাহিনীর সদস্যকে অন্তত এক মাসের জন্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। বিরোধী জোট ইন্ডিয়া ও অন্যান্য সংগঠনের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
সূত্রমতে, আসন্ন উৎসবের মৌসুম ও নিরাপত্তার প্রয়োজনীয়তাকে বিবেচনা করে এত বিপুলসংখ্যক আধাসামরিক বাহিনীর সদস্যকে দিল্লিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বাজার ও অন্যান্য জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে।
গত কয়েক মাসে দিল্লিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিক্ষোভ বেড়েছে। এ কারণে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আগামী এক মাসে বিভিন্ন উৎসব ও রাজনৈতিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হতে পারে।