
হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) অতনু বণিকের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। ভিডিওটি মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ফেসবুতে ছড়িয়ে পড়লে স্থানীয় পুলিশ প্রশাসনে হৈচৈ পড়ে যায়।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, থানার এসআই অতনু বণিক মামলার বাদীর কাছ থেকে টাকা গ্রহণ করছেন। এসময় বাদীকে বলতে শোনা যায়, “আপনি আগে ৪ হাজার টাকা নিতেন, এখন ৬ হাজার টাকা নিচ্ছেন”।
ভিডিওতে এসআই অতনুর এমন অসদাচরণ স্থানীয় জনগণকে ক্ষুব্ধ করেছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে জেলা পুলিশ প্রশাসন জড়িয়ে পড়েছে বিতর্কে।
এব্যাপারে পুলিশ কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো সরকারি বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।