হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকার থেকে দুটি বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় জাহাজ ও এর নাবিকেরা নিরাপদ আছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ওমানের কুমজার উপকূলের কাছে এ ঘটনার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটির একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনাটি ওমানের কুমজার থেকে প্রায় ৯ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ঘটেছে।
ইউকেএমটিওর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ট্যাংকারের মাস্টার জানিয়েছেন যে প্রণালি অতিক্রম করার সময় তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে ট্যাংকারটির নাবিকেরা নিরাপদ আছেন এবং জাহাজটিরও কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।
ঘটনার কারণ বা বিস্ফোরণের উৎস সম্পর্কে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ইউকেএমটিও থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক পথ হিসেবে পরিচিত। এখানে এর আগেও বিভিন্ন সময়ে ট্যাংকার ও জাহাজে হামলার ঘটনা ঘটেছে। তবে এবারের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় আন্তর্জাতিক মহলের উদ্বেগ কিছুটা কমেছে।