যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আকাশে এক অসাধারণ দৃশ্য দেখা গেছে ভোরের আলো ফোটার আগেই। স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশজুড়ে ছড়িয়ে পড়ে বিশালাকার উজ্জ্বল ‘জেলিফিশ ক্লাউড’ বা জেলিফিশের মতো মেঘ। রকেটের জ্বালানি থেকে নির্গত গ্যাস বরফে পরিণত হওয়ার পর সূর্যের আলো প্রতিফলিত হলে এই মোহনীয় আলোকচ্ছটার সৃষ্টি হয়।
গত মঙ্গলবার সকাল ৬টা ৩৩ মিনিটে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করা হয়। রকেটটি টেলিকমিউনিকেশনের জন্য ব্যবহৃত ইউরোপীয় স্যাটেলাইট ইউটেলসেটকে কক্ষপথে স্থাপন করার জন্য পাঠানো হয়েছিল।
রকেট লঞ্চের পর আকাশে এই অপূর্ব আলোকচ্ছটা দেখতে স্থানীয় বাসিন্দারা বিস্মিত হন। অনেকে সামাজিক মাধ্যমে এই দৃশ্যের ছবি ও ভিডিও শেয়ার করেন। বিশেষজ্ঞরা জানান, রকেটের জ্বালানি থেকে নির্গত বরফ কণা এবং গ্যাসীয় পদার্থের কারণে এমন দৃশ্যের সৃষ্টি হয়।
এর আগেও বিভিন্ন সময় রকেট উৎক্ষেপণের পর এই ধরনের আলোকচ্ছটা দেখা গেছে। তবে জেলিফিশের আকৃতির এই মেঘ সত্যিই দর্শকদের জন্য ছিল এক অপ্রত্যাশিত কিন্তু সৌন্দর্যময় অভিজ্ঞতা।