রাজধানীর লালবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিল আয়োজনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ব্যক্তি আওয়ামী লীগের সাবেক নেতা মোস্তফা।
অভিযোগ রয়েছে, লালবাগ থানাধীন এলাকায় এই মিছিল আয়োজন, অর্থায়ন ও সক্রিয়ভাবে অংশগ্রহণের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর নিষেধাজ্ঞা সত্ত্বেও এ ধরনের কর্মকাণ্ড পরিচালনায় জড়িত থাকার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আরো কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।