দেশের ২৪তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তপশিল অনুযায়ী, নির্বাচনের ভোট গ্রহণ হবে ২০ আগস্ট। মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। রাজধানীর আগারগাঁওয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তপশিল ঘোষণা করেন।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই দলীয় প্রার্থী নিয়ে আলোচনা বাড়ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরেই আশাবাদী হয়ে উঠছেন দলের নেতাকর্মীরা। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে প্রার্থী করার বিষয়ে দলের অভ্যন্তরে চাপ থাকলেও শেষ পর্যন্ত কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার একক দায়িত্ব প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের উপর ছেড়ে দিয়েছে বিএনপি।
বিএনপি সূত্র জানায়, রাষ্ট্রপতি মনোনয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, অবসরে যাওয়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নামও আছে। তবে নেতাকর্মীদের মধ্যে মির্জা ফখরুলকে নিয়ে আশাবাদ বেশি দেখা যাচ্ছে।