জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেছেন, \'মারতে চান, মেরে ফেলেন। তারপরও সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।\'
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শুক্রবার (৩১ জুলাই) দলের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির পর নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করে তিনি এ মন্তব্য করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতা-কর্মীদের দেখা করতে গিয়ে তিনি সাংবাদিকদের এ বিষয়ে জানান।
ড. মুজাহিদ বলেন, \'জুলাইয়ের শহীদদের রক্ত এখনো শুকায়নি, অনেক আহত এখনো কষ্টে আছেন। আমরা জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছি। অথচ এক কিশোর জুলাই যোদ্ধার দুটি চোখ নষ্ট করে দেওয়া হয়েছে।\'
তিনি আরও বলেন, \'প্রতিবাদ মিছিল শেষে বাড়ি ফেরার পথে আমাদের এক সহযোদ্ধাকে অতর্কিতভাবে মারধর করা হয়েছে। আল্লাহর রহমতে সে বেঁচে আছে।\' আহত শাওন সম্পর্কে তিনি জানান, \'তার অবস্থা ভালো নয়। ডান চোখে ঠিকমতো দেখতে পাচ্ছে না। সে পিতৃহীন একটি মেধাবী ছেলে।\'
এই সংসদ সদস্য বাংলাদেশে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠার ওপর জোর দেন। তার মতে, \'রাজনৈতিক মতভেদের কারণে প্রতিপক্ষকে হামলা বা সহিংসতার মাধ্যমে দমন করার সংস্কৃতি বন্ধ করতে হবে। আমাদের সবাইকে মেরে ফেললেও আমরা মানুষের অধিকার ও সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।\'
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, \'হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। সরকার এ ঘটনায় কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।\'
হামলার ঘটনায় দলীয় পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ড. মুজাহিদ বলেন, দ্রুত মামলা করা হবে। তিনি জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, \'মানুষ যেন স্বাধীনভাবে মতপ্রকাশ ও রাজনীতি করতে পারে - সেটিই আমাদের প্রত্যাশা।\'