আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ পূর্বাভাসে উঠে এসেছে যে বাংলাদেশ মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রতিবেশী ভারতকে ছাড়িয়ে যেতে পারে। ২০২৬ সালের মধ্যে এ বিশাল অর্জন সম্ভব হবে বলে মনে করছে আইএমএফ। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ মার্কিন ডলারে, যা ভারতের ২ হাজার ৭৪৯ ডলারের চেয়ে বেশি।
এর আগে ২০২০ সালেও বাংলাদেশ ভারতকে মাথাপিছু জিডিপিতে ছাড়িয়ে গিয়েছিল। এবার আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে আবারও সেই সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। সংস্থাটি বলছে সাধারণ মানুষের আর্থিক সক্ষমতায় বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য।
বাংলাদেশের কৃষি ও শিল্প খাতের সমন্বিত উন্নতি, রপ্তানি আয় বৃদ্ধি এবং অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থার ইতিবাচক প্রবণতা এই সাফল্যের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগের প্রসারও অর্থনীতির এই অগ্রগতিতে ভূমিকা রেখেছে বলে মনে করা হয়।
এদিকে, ভারতেও অর্থনৈতিক বৃদ্ধি অব্যাহত থাকলেও জনসংখ্যার তুলনায় তা কিছুটা ধীরগতির। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের এই অর্জন দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ভারসাম্যে পরিবর্তন আনার সম্ভাবনা তৈরি করতে পারে। এই সাফল্য ধরে রাখতে শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা।