গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখ কাশিমপুর কারাগার থেকে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
গতকাল শনিবার বিকেলে রাত ১১টার দিকে কোটালীপাড়া পৌর ভবনের মাঠে বাবার জানাজায় অংশ নেন। কামাল হোসেন শেখের বাবা বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান (৯৭) শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে কোটালীপাড়া পৌরসভার নিজ বাসভবনে মারা যান।
শেখ লুৎফর রহমান পৌর আওয়ামী লীগের সভাপতি ও কোটালীপাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ছিলেন। এছাড়া তিনি কোটালীপাড়া শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে কামাল হোসেন শেখকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে কারা কর্তৃপক্ষ তাকে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়। কড়া নিরাপত্তার মধ্যে পুলিশের একটি প্রিজন ভ্যানে তাকে কোটালীপাড়ায় নেওয়া হয়।
কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, কামাল হোসেন শেখের বিরুদ্ধে ঢাকা ও গোপালগঞ্জে মামলা রয়েছে। এসব মামলায় তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। বাবার মৃত্যুর কারণে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা শেষে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
বাদ আসর পৌর ঈদগাহ মাঠে বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে পৌর ভবনের মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চপল্লী কবরস্থানে দাফন করা হয়।
দুটি জানাজায় বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শেখ লুৎফর রহমানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।