বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, বাংলাদেশে পুরনো ফ্যাসিবাদ আর কখনোই ফিরে আসবে না। একইভাবে নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না। তিনি জুলাই বিপ্লবের কথা উল্লেখ করে বলেন, ফ্যাসিবাদকে চিরতরে উৎখাত করার জন্যই এ বিপ্লব সংঘটিত হয়েছে।
মামুনুল হক মঙ্গলবার বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর শাখার আয়োজিত মিছিল ও সমাবেশে এ বক্তব্য দেন। আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
তিনি তার বক্তব্যে আরও বলেন, “আমাদের সংগ্রাম শুধু ফ্যাসিবাদ বিরোধীতায় সীমাবদ্ধ নয়। আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি।” বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা ব্যাপকভাবে এ সমাবেশে অংশগ্রহণ করেন।
মামুনুল হক তার ভাষণে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। তিনি দৃঢ়ভাবে বলেন, “জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে কোনো অশুভ শক্তি টিকতে পারে না। আমরা এটাই প্রমাণ করেছি।”