নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে চালু হয়েছে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী জানান, বর্তমানে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে একটি রুটে দুটি বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাসসহ মোট ১৪টি বাস ১৩টি রুটে চলাচল করবে। তিনি বলেন, "নারী যাত্রীরা যেনো এই বাসে চড়তে ও যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করে, সেই ব্যবস্থা নিতে হবে।"
মন্ত্রী আরও বলেন, "আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী দিনে এই রুট আরও প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশ তারা পাচ্ছে, সেটা আরও উত্তরোত্তর সমৃদ্ধ করা হবে।"
এই বিশেষ বাস সার্ভিসে শুধুমাত্র নারী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। বাসগুলো গোলাপি রঙের হওয়ায় সহজেই শনাক্তযোগ্য। সরকারের এই উদ্যোগকে নারীদের গণপরিবহনে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।